আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় পাওয়ার ওপর নির্ভর করে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কারিগরি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রকল্পটির প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে ব্যয় হতে পারে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা। নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীতীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। তাঁদের জীবনমান উন্নয়ন এবং জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন বলেও জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে এবং কৃষিজমিতে সেচের সুযোগ বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ ও মৎস্য খাতের উন্নয়ন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ জানান, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে ব্যারেজটি নির্মাণ করা হবে। তাঁর আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯ জেলার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও এর সুফল পাবে।

হাসান মাহমুদ আরও বলেন, বর্ষা মৌসুমে ব্যারেজের ৭৮টি গেট খোলা রাখা হবে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।