চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে তাঁকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন শাহাদাত হোসেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহাদাত হোসেন। সে সময় ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। শাহাদাত হোসেনের ভোট দেখানো হয়েছিল ৫২ হাজার ৪৮৯।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফল বাতিলের দাবিতে একই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ নয়জনকে বিবাদী করা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম চৌধুরীকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। এরপর ১৯ আগস্ট চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় সরকার।
শাহাদাত হোসেনের করা মামলার রায় আসে ২০২৪ সালের ১ অক্টোবর। চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ৮ অক্টোবর নির্বাচন কমিশন সংশোধিত প্রজ্ঞাপন জারি করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। একই বছরের ৩ নভেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে মেয়র হিসেবে শপথ নেন তিনি।
নতুন প্রজ্ঞাপনের ফলে শাহাদাত হোসেন এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মেয়াদ পরবর্তী নির্দেশনার ওপর নির্ভরশীল।



মন্তব্য করুন