পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিওনের বাঘাইহাট জোনে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গম পার্বত্য এলাকায় এ ক্যাম্প পরিদর্শনে যান তিনি।
সফরকালে মোতায়েন সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত নানা বিষয়ে খোঁজখবর নেন। পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ধরে রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই পরিদর্শনের তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন