ঢাকার কেরানীগঞ্জে হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা কোম্পানির বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ এগিয়ে নিতে ৩৬ দশমিক ৭১৮ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে এ জমি হস্তান্তর হয়।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিক মো. রাশেদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে হান্ডা কোম্পানি। এ লক্ষ্যে ‘হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেড’-এর মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ আরও সম্প্রসারিত হবে।’

জেলা প্রশাসক জানান, ‘বেজা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় মোট ৩৬ দশমিক ৭১৮ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা।

হান্ডা নিট টেক্সটাইল, কাপড় রং করা (ডাইং) এবং তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে।