ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে যেতে বাধা, ব্যালটে আগাম সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, ‘এরশাদ আমলের স্টাইলে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।’ তাঁর অভিযোগ, বিএনপি প্রার্থীর বড় ভাই রাষ্ট্রপতির পদে থাকার সুযোগে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরীক্ষা ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসাররা নিরপেক্ষ ভূমিকা ছেড়ে একটি দলের হয়ে কাজ করছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। ভোটার ভোট দেওয়ার আগেই ভোট হয়ে গেছে।’ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনি এজেন্টদের দায়িত্ব পালনে বাধা ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পরিচয়পত্র না থাকার মতো ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
সরকারদলীয় শীর্ষ পদে থেকে এই উপনির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ বলে দাবি করা হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভিন্ন চিত্র দেখা গেছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৯ দফা লিখিত অভিযোগ ও তিনটি দাবি পেশ করা হলেও কার্যকর প্রতিকার দৃশ্যমান হয়নি বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইরুজ ইসলামের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠলেও তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়নি।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায় ও সরকারি চাকরিজীবী ভোটারদের মধ্যে বিশেষভাবে ভীতি সৃষ্টি করা হয়েছে। সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করলে চাকরিতে সমস্যার মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের মারধর, নারী ভোটারদের বাধা এবং নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তাঁর দাবি।
তিনি অভিযোগ করেন, কয়েকটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র বা পরিচয় শনাক্ত করার প্রয়োজনীয় ব্যাজ দেখা যায়নি। কয়েকটি ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর করে রাখা হয়েছে। নির্বাচনি এলাকায় অর্থ বিতরণও করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এসব ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান গোলাম পরওয়ার। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।



মন্তব্য করুন