মালয়েশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগে কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না প্রার্থীদের। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এমন শর্তেই ১১২ জনকে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি. কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এই নিয়োগ হবে। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিতদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর, সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। এছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা মিলবে।

আবেদন করা যাবে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করতে হবে।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারিতে ৩০০ প্রার্থীকে বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

নিয়োগের কোনো ধাপেই প্রার্থীদের অর্থ খরচ করতে হবে না বলে জানিয়েছে বোয়েসেল। সংশ্লিষ্ট সবাইকে যেকোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।