মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে নিজের নামে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল এজেন্টের সিম ভাড়া দেওয়ায় অনলাইন জুয়া চক্রের ফাঁদে পড়েছেন খুলনার এক চা বিক্রেতা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লিটন হাওলাদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মাত্র তিন দিনের ব্যবধানে দুই কোটি টাকার বেশি লেনদেনের চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
খুলনার বয়রা এলাকার ‘লিটন টি স্টল’-এর মালিক লিটনকে সিআইডির প্রধান কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর এই জালিয়াতির জাল উন্মোচিত হয়। তদন্ত কর্মকর্তাদের তিনি জানান, স্থানীয় এক অটোচালকের কাছে বিকাশ ও নগদ এজেন্ট সিমটি সংক্ষিপ্ত সময়ের জন্য হাতবদল করেছিলেন তিনি। পরবর্তী সময়ে ওই অ্যাকাউন্টের ডিজিটাল রেকর্ড পর্যালোচনা করে গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট দুই কোটি ছাব্বিশ লাখ তেত্রিশ হাজার আটানশি টাকা লেনদেনের হিসাব পায় আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৩১ আগস্ট পল্টন থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইনের একটি মামলায় এর আগে আটক হওয়া শেখ সাখির আহম্মেদ নামক এক ব্যক্তির দেওয়া স্বীকারোক্তির সূত্র ধরে লিটনকে শনাক্ত করা হয়। প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে একটি বাটন মোবাইল ফোন ও অভিযুক্ত সিম কার্ড জব্দ করা হয়েছে।
এর আগে পল্টন থানায় দায়ের করা এই মামলার সূত্র ধরে জুয়া ও অর্থ পাচার চক্রের বাকী সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডি।




মন্তব্য করুন