ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েব বলেছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিজেদের স্বার্থে বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তেহরানে ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন। ইরানের সংবাদমাধ্যম মাশরেঘ নিউজ ও ফার্সের বরাতে তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে।
তাঁর দাবি, আমেরিকা ও ইসরায়েলে “পরিবর্তন শুরু হয়েছে” এবং অদূর ভবিষ্যতে এর প্রভাব বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে। বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার ওয়াশিংটনের উচ্চাকাঙ্ক্ষা এখন নিজেদের অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
তাইয়েবের ভাষ্য, যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতি-বিরোধী জনমত বাড়ারই প্রতিফলন। বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে এবং যুদ্ধের প্রতি ক্লান্তি স্পষ্ট হয়ে উঠছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক-সামাজিক বাস্তবতা বদলের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। বরং এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই নতুন সমস্যা তৈরি হয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা।




মন্তব্য করুন