পদ্মায় আবারও জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির পাঙ্গাশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মৎস্য আড়তে তোলা হয় ১৫ কেজি ৪০০ গ্রাম ওজনের মাছটি। পরে নিলামে ১৬ হাজার ১৭০ টাকায় বিক্রি হয় মাছটি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেছিলেন জেলে সবুজ দেওয়ান। কিছুক্ষণ পর জাল তুলতেই দেখা মেলে বিশাল পাঙ্গাশটির। ভোরে মাছটি নিয়ে সুরেশ্বর মৎস্য আড়তে আসেন তিনি।

আড়তে নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আয়নাল খান।

জেলে সবুজ দেওয়ান বলেন, “জালে এত বড় মাছ দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি। পদ্মায় এখন বড় মাছ পাওয়া যাচ্ছে।”

মাছ ব্যবসায়ী আয়নাল খান বলেন, “প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে কিনেছি। সামান্য লাভ রেখে বিক্রি করব।”

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ ধরার ভরা মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই কারও না কারও জালে বড় আকারের পাঙ্গাশ ও বাঘাড় ধরা পড়ছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “পদ্মার এ ধরনের বড় ও সুস্বাদু মাছের চাহিদা অনেক বেশি। খবর পেলেই ধনী ক্রেতারা কিনে নেন। ভালো দাম পাওয়ায় জেলেরাও খুশি।”