ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেও দীর্ঘদিন নিজের ধর্ম সম্পর্কে অনবগত ছিলেন এক আমেরিকান তরুণী। আদিবাসী সংরক্ষিত এলাকায় বেড়ে ওঠা অ্যাঞ্জেলা সম্প্রতি ‘এভাউট ইসলাম’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তাঁর ইসলাম গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
অ্যাঞ্জেলার শৈশব কেটেছে এক আদিবাসী সংরক্ষিত এলাকায়। তাঁর দাদা-দাদি সৃষ্টিকর্তার কথা বলতেন এবং নানা গল্প শোনাতেন। তাঁদের জীবনদর্শন ছিল—প্রতিটি পদক্ষেপ যেন প্রার্থনা হয়। এই শিক্ষা তাঁর রক্তে মিশে গিয়েছিল।
১০ বছর বয়সে তাঁকে ও অন্য আদিবাসী শিশুদের একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে দুই বছর কাটালেও সেখানকার কিছুই তাঁর কাছে বোধগম্য হয়নি। ওই সময়েই তিনি নিশ্চিত হন, তিনি ক্যাথলিক নন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ তাঁকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারতেন না। ফলে একে একে সব ধর্ম সম্পর্কে জানার চেষ্টা শুরু করেন। কিন্তু কোনো ধর্মের শিক্ষাই তাঁর কাছে সম্পূর্ণভাবে বোধগম্য হচ্ছিল না।
একপর্যায়ে এক মুসলিমের সঙ্গে তাঁর পরিচয় হয়। কথা বলতে গিয়ে তিনি বুঝতে পারেন, ইসলামের অনেক বিষয় তাঁর নিজের জীবনযাপনের সঙ্গে মিলে যায়। এরপর ইন্টারনেটে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন।
একদিন মুদি দোকানে একটি বইয়ের ঝুড়ি থেকে ইসলামবিষয়ক কয়েকটি বই কিনে নেন। সেগুলো পড়ে তাঁর কাছে অত্যন্ত অর্থবহ মনে হয়। এরপর পবিত্র কোরআন পড়া শুরু করেন।
প্রথমে কিছুটা অস্বস্তি হলেও কোরআন পড়তে থাকেন। একপর্যায়ে তাঁর মনে হয়, ‘বাহ! আমি তো সারা জীবন ধরেই এসব করে আসছি! অথচ কখনো জানতামই না!’ এভাবেই ইসলামের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে এবং তিনি ইসলাম গ্রহণ করেন।




মন্তব্য করুন