টেকনাফে মানবপাচারকারী চক্রের গুলিতে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের মরদেহ নিজ গ্রামে পৌঁছানোর পর শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া গ্রামে শেষ বিদায়ের মুহূর্তে শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ।
কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে প্রথম জানাজার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে মরদেহ ফরিদপুরে আনা হয়। বিকেলে লস্করদিয়া গ্রামে মরদেহ পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জনকে একনজর দেখতে ছুটে আসেন স্বজন ও পাড়া-প্রতিবেশীরা; সবার চোখেমুখে বিষাদের ছায়া।
লস্করদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তিতাসকে দাফন করা হয়। নিহত তিতাস অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল শেখের দ্বিতীয় সন্তান; ২০১৭ সালে তিনি চাকরিতে যোগ দেন। তার ছোট ভাই আকরাম শেখও সেনাসদস্য।
গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নীলা ইউনিয়নে যৌথবাহিনীর অভিযান চলাকালে মানবপাচার চক্রের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন তিতাস; চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




মন্তব্য করুন