বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষে কোনো জামিন আবেদন ছিল না বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম। রিমান্ডে দিশা মামলার তদন্তে সহায়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা।
কারাগারে আটক রাখার আবেদনে পুলিশ উল্লেখ করেছে, ঘটনার মূল রহস্য উদঘাটনে নানা কৌশল অবলম্বন করে দিশাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন তিনি। ওই দিন সন্ধ্যাতেও দীর্ঘ সময় দুজনে একসঙ্গে ঘোরাঘুরি করে সেখানে যান। এ ছাড়া বিভিন্ন স্থানে বাইকে তাহসিফের সঙ্গে ঘোরাঘুরির কথাও স্বীকার করেন তিনি।
তদন্ত কর্মকর্তা তার আবেদনে আরও জানান, সন্দিগ্ধ আসামি দিশা চতুর স্বভাবের; একাধিক প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে যান এবং নীরব থাকেন। তার দেওয়া তথ্য তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই চলছে।
পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা অপর সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার জবানবন্দি ক্রস চেক করা হয়েছে। দীপ তাহসিফের জুনিয়র বন্ধু। এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে তার একাধিকবার কথা বলার প্রমাণ মিলেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে দাবি করা হয়, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হাজতে রাখা প্রয়োজন।
আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, দিশা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদঘাটনের স্বার্থে তার আরও রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও জানানো হয়।
গত ১ নভেম্বর রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পরদিন দিশাকে প্রথম দফায় চারদিন এবং দ্বিতীয় দফায় বুধবার আরও তিনদিনের রিমান্ড দেয় আদালত। অন্যদিকে দীপকে ৩১ অক্টোবর প্রথম দফায় চারদিন, মঙ্গলবার তিনদিন এবং বৃহস্পতিবার আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে নৌ-পুলিশ তাহসিফের মরদেহ উদ্ধার করে। ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নেমে নিজের বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি।




মন্তব্য করুন