স্থানীয়ভাবে উৎপাদিত নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা খাবারে বিপজ্জনক মাত্রায় সিসা পাওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, পুরোনো স্ক্র্যাপ ধাতু গলিয়ে তৈরি এসব চকচকে পাত্রে প্রথমবার রান্নার সময় খাবারে সিসা মিশে যাওয়ার মাত্রা সবচেয়ে বেশি থাকে।
সম্প্রতি ‘জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি’ সাময়িকীতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বাজার থেকে সংগৃহীত নতুন ২০টি পাত্র পরীক্ষা করে প্রথমবার রান্নার সময় প্রতি কেজি সাদা ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে সর্বোচ্চ ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা শনাক্ত করা হয়েছে। যেখানে শিশুদের খাবারে সিসার সহনশীল মাত্রা প্রতি কেজিতে মাত্র ১০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, পাত্রগুলো বারবার ধুয়ে ব্যবহার করার পরও খাবারে সিসার উপস্থিতি পুরোপুরি কমে না। বিশেষ করে স্টিলের তারের মাজুনি দিয়ে ঘষে পাত্র পরিষ্কার করলে কিংবা ধাতব খুন্তি ব্যবহার করলে সিসা নির্গত হওয়ার পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায়।
গবেষকদের মতে, রান্নার এই বিষাক্ত সিসার সংস্পর্শে আসার ফলে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, স্মৃতিশক্তি এবং আচরণের ওপর মারাত্মক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিরাপদ রান্নার পাত্র নিশ্চিত করতে ধাতুর মান নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।




মন্তব্য করুন