শরীয়তপুরের সখিপুরে জমি মেয়েদের নামে লিখে দেওয়ার পর স্ট্রোক-আক্রান্ত এক বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই, ভাতিজা ও ভাগিনার বিরুদ্ধে। পরিবারের দাবি, সম্পত্তি হস্তান্তরের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে।

ভুক্তভোগী আব্দুর ছাত্তার খান (৭০) পুত্রসন্তানবিহীন। তাঁর ছয়টি মেয়ে রয়েছে। নিজের মালিকানাধীন জমি তিনি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য এক মেয়ের বাড়িতে যাওয়ার পর জমি লেখার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন তাঁর ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদার।

সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে গত ৫ নভেম্বর ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, অভিযুক্তরা ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন, রান্নার চুলা ভেঙে ফেলেন এবং বাড়ির গাছ কেটে নিয়ে যান। কাটা গাছের গুঁড়ি ঘরের সামনে স্তূপ করে রাখায় চলাচলের পথও বন্ধ হয়ে যায়।

চিকিৎসা শেষে বাড়ি ফিরে নিজের ঘরে তালা দেখতে পান বৃদ্ধ। স্ট্রোকের কারণে চলাফেরায় অক্ষম হওয়ায় এখন তিনি ঘরের সামনে খোলা আকাশের নিচে মাটিতে বিছানা পেতে দিন কাটাচ্ছেন।

অভিযুক্ত মোস্তফা খান জমি-সংক্রান্ত আক্রোশের কথা অস্বীকার করেন। তাঁর দাবি, দীর্ঘদিন বাড়িতে না থাকায় চুরির আশঙ্কা থেকে ঘরে তালা দেওয়া হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছে।