গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ এক হাজতি শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।