যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) সর্বশেষ মূল্যায়নে ২২টি সূচকের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসনসহ ১৫টিতেই ‘রেড জোনে’ (খারাপ অবস্থান) রয়েছে বাংলাদেশ। সুশাসন ও আর্থসামাজিক সূচকে এই পিছিয়ে থাকার কারণে এবারও সংস্থাটির বড় অঙ্কের অনুদান থেকে বঞ্চিত হচ্ছে দেশ।

গত শুক্রবার এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২৭ অর্থবছরের স্কোরকার্ডে এই চিত্র উঠে এসেছে। মূল্যায়নে মাত্র সাতটি সূচকে ভালো অবস্থান বা ‘গ্রিন জোনে’ থাকতে পেরেছে বাংলাদেশ। গত বছরের তুলনায় এবার কেবল ‘সরকারের কার্যকারিতা’ সূচকে লাল থেকে সবুজ তালিকায় উত্তরণ ঘটেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তান (১৮টি রেড জোন) বাংলাদেশের পেছনে রয়েছে। প্রতিবেশী নেপাল মাত্র ২টি, ভুটান ৪টি এবং ভারত ৮টি সূচকে রেড জোনে আছে। এমনকি অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা (১২টি) ও পাকিস্তানও (১৩টি) বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

এমসিসির প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতি প্রতিরোধ, সরকারের দায়বদ্ধতা, আইনের শাসন, তথ্য পাওয়ার স্বাধীনতা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতায় বাংলাদেশের অবস্থান নাজুক। এ ছাড়া বাণিজ্য নীতিমালা, ঋণপ্রাপ্তি, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, সম্পদ ও জমির অধিকার, অর্থনীতিতে নারী-পুরুষের সমতা, স্টার্টআপ, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, মানবসম্পদ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও শিশু স্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সূচকগুলোও রেড জোনে রয়েছে।

অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, বাজারের প্রতিযোগিতা, দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণ, মাধ্যমিক শিক্ষায় নারীদের হার, ব্যক্তিস্বাধীনতা ও সরকারের কার্যকারিতার মতো সাতটি সূচকে সবুজ তালিকায় রয়েছে বাংলাদেশ।

স্কোরকার্ডে ক্রমাগত পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) অনুদান পাওয়ার চেষ্টা থেকে কার্যত হাত গুটিয়ে নিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির সূত্র জানায়, কয়েক বছর চেষ্টার পরও সূচকের উন্নতি না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন হাল ছেড়ে দিয়েছেন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মনে করেন, নতুন সরকার গঠনের প্রভাবে ‘সরকারের কার্যকারিতা’ সূচকটি সবুজ তালিকায় উঠে আসতে পারে। তবে প্রকৃত কার্যকারিতা প্রমাণে এবং স্কোরের উন্নতি ঘটাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বলেন, এমসিসির সূচকগুলো মূলত সুশাসনের সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে অনুদানের পাশাপাশি দেশের ভাবমূর্তিও জড়িত। এই মূল্যায়নের রাজনৈতিক দিক থাকায় কেবল ইআরডির পক্ষে স্কোরের উন্নতি ঘটানো সম্ভব নয়, এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে বলে তিনি জানান।

বিগত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের ১৬টি সূচক রেড জোনে ছিল। এর আগে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিন অর্থবছর লাল তালিকায় ছিল ১৭টি করে সূচক। এ বছর মূল্যায়নের ক্ষেত্রে দুটি নতুন সূচক যুক্ত করে মোট ২২টি করা হয়েছে।

উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে ২০০৪ সালে এমসিসি প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। নির্বাচিত দেশগুলোকে ‘প্রান্তিক’ কর্মসূচির আওতায় ১০ থেকে ৪০ কোটি ডলার এবং ‘কমপ্যাক্ট’ কর্মসূচির আওতায় ৫০ কোটি ডলার বা তার চেয়েও বড় অঙ্কের অনুদান দেওয়া হয়।