মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে শূন্য অভিবাসন ব্যয়ে চাকরি পাচ্ছেন ১১২ বাংলাদেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত এ তালিকা হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪২৯ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারিতে ৩০০ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।



মন্তব্য করুন