সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায়। এ সময় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছিল বলে জানান বাদী।

মামলার আরজি অনুযায়ী, সানায়া আনাম এর আগে তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করেছিলেন। এর জের ধরে প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে ভুল তথ্য ও আপত্তিকর ছবি ছড়ান তিশা। পাশাপাশি গণমাধ্যমেও তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য দেন।

অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই বাদী অন্য এক নারীকে চুম্বন করছেন—এমন একটি ছবি এবং দুই নাবালক শিশুর ছবি ফেসবুকে প্রকাশ করেন ওই অভিনেত্রী। এর আগে মেসেঞ্জারে কল করে তিশা তাঁকে ‘ভাইরাল’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। কল রেকর্ডের বরাতে আরজিতে উল্লেখ করা হয়, তিশা তখন বলেছিলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

গত ২৭ অক্টোবর রাতে ফেসবুকে এসব পোস্ট দেখার পর পরদিন ২৮ অক্টোবর তিশাকে আইনি নোটিশ পাঠান সানায়া। নোটিশে দুই দিনের মধ্যে পোস্টগুলো সরিয়ে ফেলার অনুরোধ করা হয়।

কিন্তু নির্ধারিত সময়ে ছবি ও পোস্ট না সরিয়ে উল্টো বাদীর বিরুদ্ধে তিশা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া অব্যাহত রাখেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এমনকি নিজের তারকাখ্যাতি ব্যবহার করে ‘ভাইরাল হওয়ার নেশায়’ বাদী মামলা করেছেন বলেও তিশা সাক্ষীদের কাছে কটূক্তি করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়।