ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীদের পাঠানো এক চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠান। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কোনো আবেদন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ক্ষমতাচ্যুতির পর তৎকালীন অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করে দেয়। এ অবস্থায় বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর অনুকূলে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আওতায় বাংলাদেশের আইনি বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। নতুন ভ্রমণ নথি ও পরিচয়পত্রের এই আবেদনকে তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাচ্যুতির পর তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং দলটির বহু নেতাকর্মী বর্তমানে কারাগারে বা দেশের বাইরে অবস্থান করছেন।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগ নতুন রাজনৈতিক পরিস্থিতির জন্ম দিতে পারে। এ ছাড়া তাঁকে আশ্রয় দেওয়া কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য করুন