ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে; আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই ট্রাকটি মধুখালী বাজারে সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ট্রাকের মাঝামাঝি অংশে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারী আহত হন।

ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করতে ফায়ার সার্ভিসকর্মীরা তাঁর একটি পা কেটে ফেলেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।