নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়িয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা ও মাদক বিক্রেতাদের আটক করেছেন তিনি। মাদকের ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন তিনি।

পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় আইনি সেবা দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এ অর্জনে নড়িয়া থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রতিক্রিয়ায় মো. আনোয়ার হোসেন বলেন, “পুরস্কার হচ্ছে কাজের মূল্যায়ন। এ ধরনের স্বীকৃতি মানুষকে নতুন কিছু করার অনুপ্রেরণা ও শক্তি জোগায়।”

তিনি বলেন, নড়িয়া থানায় যোগদানের পর থেকে আইনি সেবা নিতে আসা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তাঁদের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করেছেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে মুখে হাসি ফোটাতে পেরেছেন।

তিনি আরও বলেন, “মানুষের মুখের হাসিই তাঁকে দিন-রাত কাজ করার প্রেরণা জোগায়। নড়িয়াকে মাদক, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত করে একটি সুন্দর ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।”