ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণ ঘটেছে; ঘটনার পর শিক্ষার্থীদের ধাওয়ায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে ধাওয়া করেন। এ সময় দুজনকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন জানান, ঘটনার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে প্রক্টরের বক্তব্যের সময় আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।