শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে ব্যবহারের সন্দেহে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়।
পুলিশের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারত।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতো। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতা-কর্মীদের খাবার সরবরাহের জন্য এসব খিচুড়ি মজুদ করা হয়েছিল। বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।
অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন