ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণে এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাবি প্রক্টর ইসরাফিল রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ককটেল কোথা থেকে ছোড়া হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, অনুষদ ভবনের কোনো একটি তলা থেকে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ককটেলটি ফেলা হয়। এটি বিস্ফোরিত হলে চালক গুরুতর আহত হন। আহত চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রক্টর ইসরাফিল বলেন, ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে তথ্য পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে। হামলায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রায় একই সময়ে ঘটনাস্থলের কাছেই ‘শ্যাডো’ এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে কেউ আহত না হলেও একটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিন ভোর থেকে সারাদেশে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।