সোস্যাল আর্ন ব্যাকিং এ্যাডভান্সমেন্ট (সেবা) শরীয়তপুর শাখার ৬৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পালং মডেল থানায় দায়ের করা মামলায় ৬ আসামীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে শরীয়তপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার সকালে আসামী সোহেল দেওয়ান, মোঃ নুরুল হক মাঝি, জয়নাল আবেদিন খোকন, মোঃ আরিফুর রহমান, দেবদুলাল সরকার ও মোস্তফা হাওলাদার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ আদেশ প্রদান করেন।
জানা গেছে, আসামীগণ একে অপরের যোগ সাজসে সেবা শরীয়তপুর শাখার থেকে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করে ৬৬ লক্ষ ৮৯ হাজার ৬ শত ১৫ টাকা টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ২০ নভেম্বর সেবার চেয়ারম্যান আবুল বাশার চোকদার বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যাহা ২০১৮ সালের ২০ নভেম্বর তারিখে পালং মডেল থানার মামলা নং-২২৫ এবং দন্ডবিধি আইনের ধারা ৪০৫/৪০৮/৪২০/৪৬৮/৮৭১। আসামীরা দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পরে বুধবার আদালতে এসে স্বেচ্ছায় আত্মসমর্পন করে। বিচারক বাদী ও আসামী পক্ষের আইনজীবীদের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।