“মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র” ও “টেকসই উন্নয়নে চাই দক্ষতা ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি” এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৪ আগষ্ট সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে আইএবি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে এসে সাড়া দেশ উন্নয়নের বিলবোর্ডে ছেয়ে গেলেও দেশবাসী ভোগান্তি ছাড়া কোন কিছুই পাচ্ছে না। দেশের প্রায় সকল জনপ্রতিনিধিরাই জনগণের দেয়া কষ্টার্জিত টাকা টেকসই উন্নয়েন ব্যয় না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। দূর্নীতির এই কড়াল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন দক্ষ, আদর্শিক ও দেশপ্রেমিক জনশক্তি। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি দীর্ঘ ২৯ বছর যাবত দেশের জনগণকে দক্ষ, যোগ্য, আল্লাহভীরু ও দেশপ্রেমিক জনশক্তি তৈরীতে কাজ করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন নতুবা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ইশা ছাত্র আন্দোলন সাড়া দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি হুসাইন মুহা. ইলিয়াস-এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ বনি ইয়ামিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শওকত আলী, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা মুজাহিদ কমিটির সদর হাফেজ মাওলানা কেরামত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন, আব্দুস সালাম শিকাড়ী, মুফতি তোফায়েল আহমেদ, ক্বারী আবু ইউসুফ, মাষ্টার আহসান হাবিব, এডভোকেট কামরুল হাসান, মাওলানা ইলিয়াছ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা লোকমান, মাওলানা হযরত আলী ও মাওলানা জাহিদুল ইসলামসহ অনেকে।



মন্তব্য করুন