আসন্ন ঈদকে সামনে রেখে শরীয়তপুর জেলার সকল এলকায় পুলিশি নিরাপত্তা জোরদারের পাশাপাশি নৌ ও সড়ক পথের যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ। এছাড়া শহরে যানজট স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে। পাড়া-মহল্লায় চুরি-ছিনতাই প্রতিরোধে কমিউনিটি পুলিশ সদস্যরাও তৎপর রয়েছে।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার অাব্দুল মোমেন এর সাথে আলাপকালে জানা যায়, রমজান শুরু থেকেই জেলা পুলিশ, নৌ-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে থানা পুলিশের কর্মকর্তাদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা সভার মধ্যদিয়ে নিরাপত্তা জোরদার আরো কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে শহরের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গভীর রাত পর্যন্ত অনেক বিপণীবিতান খোলা রাখা হচ্ছে। ক্রেতাদের নিরাপত্তায় মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে।
ট্রাফিক বিভাগের টিআই বজলুল রহমানের সাথে আলাপকালে তিনি জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা প্রস্তুত রয়েছি। গত ২০ রমজান থেকে শহরে ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এদিকে মহসড়কের কাঠাল বাড়ি ঘাট ও মাওয়া শরীয়তপুরের মঙ্গলমাঝীর ঘাট সহ বিকল্প লঞ্চ টার্মিনাল দিয়ে আগত যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

মন্তব্য করুন