আজ ৯ মার্চ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন এবং জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উপ- নির্বাচনে
ভোট গ্রহণ চলছে। এ ২টি ইউনিয়নের মোট ১৯টি ভোট কেন্দ্র এবং নির্বাচনী এলাকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন ভোট কেন্দ্রে মোট ৩২৩ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার ( ৯ মার্চ) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম, বিএএম, পিএএম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ০১ জন সশস্ত্র পিসি, ০১ জন সশস্ত্র এপিসি, ৮জন পুরুষ আনসার এবং ৭জন মহিলা আনসারসহ মোট ১৭ জন দায়িত্ব পালন করছে। এছাড়াও ভোট কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ম্যাজিস্ট্রেসী কার্যক্রমে এনফোর্সমেন্ট সহায়তা প্রদানের জন্য ০৮ জন করে আনসার ব্যাটালিয়ন ফোর্স এর সমন্বয়ে মোট ২টি স্ট্রাইকিং/মোবাইল টিম সংশ্লিষ্ট ২টি উপজেলায় মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম, বিএএম, পিএএম বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় অন্যান্য নির্বাচন সমূহে সরকারি নির্দেশনা মোতাবেক বিপুল সংখ্যক প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য এবং আনসার ব্যাটালিয়ন ফোর্স মোতায়েন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের সার্বিক দিকনির্দেশনায় আমরা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায কাজ করছি। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ২টি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মোট ৩২৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে এবং আনসার ব্যাটালিয়নের ২টি স্ট্রাইকিং ফোর্স নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষা ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্য ও ব্যাটালিয়ন ফোর্সগণ কাজ করছে। আমরা যেকোন জরুরী পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে।