পবিত্র রমজান কে সামনে রেখে শরীয়তপুরে
মাস ব্যাপি নিত্যপ্রয়োজনীয় প্রায় ২০ টি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আংগারিয়া ক্ষুদ্র ব্যাবসায়ি সমবায় সমিতি কর্তৃপক্ষ। সোমবার (১১ মার্চ) সকালে উপজেলার কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছেন। এ কার্যক্রমের উদ্বোধন করেন আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি স্বপন হাওলাদার। এসময় সমিতির সহ-সভাপতি নূর হোসেন নয়ন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ওই সমিতিসূত্রে জানা যায়, তাদের এ কর্মসূচি মাস ব্যাপি চলমান থাকবে। ফলে ক্রেতারা নির্ধারিত জায়গা থেকে এসব পণ্য কিনতে পারবেন। শরীয়তপুরের আংগারিয়া বাজার, কাশিপুর মাদ্রাসা নিয়মিতভাবে ক্রেতাগন এসকল পণ্য ক্রয় করতে পারবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানেও এ কার্যক্রম চালু করা হবে।

আরও জানা যায়, প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৪০ টাকা যা বাজমূল্য থেকে পাঁচ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ১১০ টাকা কেজির মসুর ডাল ৮ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১০২ টাকায়। ১০৫ টাকা কেজির ছোলাবুট বিক্রি হচ্ছে ৯৬ টাকায়।
এছাড়া চিনি,চিরা, মুড়ি, গুড়,লবন, জিরা, হলুদ ও মরিচ গুড়াসহ আরও অনেক পণ্য বাজার মূল্য থেকে ৫ – ১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি স্বপন হাওলাদার বলেন, পবিত্র রমজান মাসে শরীয়তপুরের সাধারণ মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন।
তবে আমার একার পক্ষে সমগ্র জেলার প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই আমাদের মতো করে অনান্য প্রতিষ্ঠান গুলো যদি এগিয়ে আসতো তাহলে ক্রেতা সাধারণ একটু হলেও স্বস্তি পেত।

সমিতির সহ-সভাপতি নূর হোসেন নয়ন বলেন, রমজান মাস আসলেই নিত্যপণ্যের বাজারে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায়। অথচ খবরে দেখলাম কাতারে রমজান কে সামনে রেখে ৯০০ পণ্যের দাম কমানো হয়েছে। তাছাড়া কিছু কিছু অসাধু ব্যবসায়িরা সিন্ডিকেট করেও দাম বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে যায়। সে সকল মানুষ কে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এ-সময় তাদের এ কাজে সহায়তা করেন সমিতির সদস্য লিজা ও স্বপ্না।

পণ্য কিনতে আসা বৃদ্ধ মোকলেস মোল্লা বলেন, বাবা আমি বুড়া মানুষ কামাই করতে পারিনা পোলায় কামাই করে যা পাডায় হেয়া দিয়াই কষ্ট বিষ্ট করে বাজার করে খাই। অহন বাজারের জিনিস পত্রের যে দাম তা হোনলে বয় লাগে। আইজগো একজনে কইল এহানে বাজার তনে কমে মালামাল কিনতে পারুম হেয়ার লইগা এহানে আইছি।

মিতু নামে একজন গৃহবধূ বলেন, স্বামী গত এক বছর ধরে দুবাই গেছে কিন্তু তেমন একটা কাম কাজ না থাকায় টাকা পাঠাইতে পারেনা। যাবার সময় ধারদেনা করে গেছে হেই টাহাই শোধ করতে পারিনি। তয় বাজার বুজার কেমনে খাইম। আর অহন জিনের যেই দাম বাজারে যাইতে ভয় করে। তবে আমার খালার কাছে শুনলাম এহানে কম দামে জিনিস পত্র কিনতে পারুম তাই লাইনে দাঁড়িয়ে আছি।