শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে দুর্বৃত্তের হামলায় ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার ৭ আগস্ট দিবাগত রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মোল্লা ওই এলাকার আবদুল হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা দৈনিক রুদ্রবার্তাকে জানান, দুর্বৃত্তদের হামলায় ফারুক মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহিনুর ইসলাম মৃত ঘোষণা করেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহিনুর ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ফারুক মোল্লা নামক একজনকে রাতে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন জরুরি বিভাগে। তার মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়েছে। চিকিৎসা দেওয়া অবস্থায় জরুরী বিভাগেই মৃত্যু কোলে ঢলে পড়েন।