শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতিখার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সখিপুর থানার ওসি ওবায়দুর রহমান।

নিহত ৭ বছর বয়সি হুমায়রা ওই এলাকার সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে। সে স্থানীয় কাজী বাড়ি সাইফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হুমায়রা মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।