আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানালেন, সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ না হলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।
ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় এ এম এম নাসির উদ্দি বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই।’
নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ব্যবস্থা নেবে জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। এবার আগের মতো আর ভোট হবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’
বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন বলেন সিইসি। তিনি বলেন, ‘ডানে-বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।’
বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা প্রশ্নে সিইসি বলেন, ‘এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি। আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তাভাবনা বা সিদ্ধান্ত নেই।’



মন্তব্য করুন