টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আরো একজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার রাতে সাড়ে ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. শফিউল্লাহ (৪৬)। শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী (তালুকদার বাড়ি) গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিন দায়েরকৃত হত্যা মামলার ৯ নম্বর আসামি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল শরীয়তপুর জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে টঙ্গী পশ্চিম থানায় আনা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের সাথীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এর আগে আরো তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ ডিসেম্বর বিকেলে কিশোরগঞ্জের এস এম আলম হোসেন বাদী হয়ে ২৯ জনের নাম প্রকাশ ও কয়েক শতাধিক জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।