শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৫,২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খাস খামারিনাথ গ্রামের সঞ্জয় নাথ (৩৬) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের শরিফ হাওলাদার (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারেন যে, একটি মাদক চক্র চট্টগ্রাম থেকে মাদারীপুরে ইয়াবা পাচার করতে আসছে। এরপর মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নরসিংহপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সঞ্জয় নাথ ও শরিফ হাওলাদারকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫,২০০ পিস ইয়াবা, যার মধ্যে শরিফ হাওলাদারের প্যান্টে লুকানো ছিল ২,০০০ পিস এবং সঞ্জয় নাথের বাইকের ইয়ার ফিল্টারে ১,২০০ পিস ইয়াবা ছিল।
শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সঞ্জয় নাথের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।



মন্তব্য করুন