শরীয়তপুর জেলা শহরের পালং এলাকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের মালিকানাধীন মজিদ-জরিনা ফাউন্ডেশন মার্কেটে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় একটি সিন্দুক ভেঙে দেড় কোটি টাকা লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পালং মডেল থানার সূত্রে জানা যায়, মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর স্থানীয় পরিবেশকের অফিসে ডাকাত দল জানালা কেটে প্রবেশ করে। ৭-৮ জনের দলটি অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে সিন্দুক ভেঙে নগদ টাকা লুট করে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

সেলস প্রমোশন সার্ভিসের ব্যবস্থাপক শিহাব আহমেদ দৈনিক রুদ্রবার্তাকে জানান, বৃহস্পতি ও শনিবারের বিক্রির অর্থ ব্যাংক বন্ধ থাকায় সিন্দুকে রাখা হয়েছিল, যা প্রায় দেড় কোটি টাকার সমপরিমাণ। তবে সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মার্কেটের ব্যবস্থাপক রেজাউল করিম খান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, “মার্কেটটি ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে এবং আনসার ব্যারাক ও থানার খুব কাছেই। তবুও এমন ঘটনা ঘটেছে। ডাকাতদের পদ্ধতিগত কাজ দেখে মনে হয়, তারা অভিজ্ঞ দল।”
এদিকে রবিবার সকাল থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সিন্দুকসহ অন্যান্য আলামত পরীক্ষা করছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক রুদ্রবার্তাকে জানিয়েছেন, এই ঘটনার পেছনে কারা রয়েছে এবং কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে শরীয়তপুর পুলিশের অতিরিক্ত সুপার আদিবুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।



মন্তব্য করুন