দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে হিমাগারে সংরক্ষিত থাকার পর অবশেষে শরীয়তপুরে দুই ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করা হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি দাহ করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, মরদেহ দুটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। বিষয়টি আলোচনায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে সৎকারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
শরীয়তপুর কারাগারের ডেপুটি জেলার একরামুল হক দৈনিক রুদ্রবার্তাকে জানান, ২০২২ সালের ১৮ মে পদ্মা সেতু প্রকল্প এলাকার আশপাশ থেকে ভারতীয় নাগরিক বাবুল সিং এবং ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
তবে ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং কারাগারে মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষিত ছিল। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে এ ধরনের দীর্ঘসূত্রতা এড়াতে আন্তঃদেশীয় সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হবে।



মন্তব্য করুন