গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং বিভিন্ন ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় সিদ্ধান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করে মতামত ও সুপারিশসহ একটি সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতির প্রয়োগ সংক্রান্ত বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে মতামত ও সুপারিশ উপস্থাপনের জন্য বলা হয়েছে।
এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে কোটা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা যাচ্ছে।



মন্তব্য করুন