নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ভৌগোলিক আয়তন, এলাকার অবস্থা ও অবস্থান এবং সর্বশেষ জনশুমারির তথ্যকে গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে জনসংখ্যাকে প্রাধান্য দেওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা সমাধানে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান। সানাউল্লাহ বলেন, “বর্তমান আইনে জনসংখ্যাকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রস্তাব করছি, ভৌগোলিক আয়তন, এলাকার অবস্থা ও অবস্থান এবং সর্বশেষ জনশুমারির তথ্যের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হোক।”

তিনি আরও বলেন, “বর্তমানে মানুষ শহরমুখী হওয়ায় শহরাঞ্চলের আসন সংখ্যা বাড়ছে, যা গ্রামীণ এলাকার প্রতিনিধিত্বকে কমিয়ে দিচ্ছে। এতে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। আমরা চাই, প্রতিটি এলাকার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হোক।”

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন-২০২১ এর একটি উপধারা সংশোধনের প্রস্তাব করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, “বর্তমান আইনের একটি উপধারায় টাইপিং মিস্টেক রয়েছে, যা সংশোধন করা প্রয়োজন। আমরা এ বিষয়ে সংশোধনের প্রস্তাব করব।”

এছাড়া, তিনি জানান, এখন পর্যন্ত ৪১টি সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত ২৪৮টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ আবেদনই আগের সীমানা ফিরে পেতে করা হয়েছে। নির্বাচন কমিশন এসব আবেদন পর্যালোচনা করছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনে ড. এ টি এম শামসুল হুদা কমিশন ১৩০টি আসনের সীমানা পরিবর্তন করেছিল। পরবর্তীতে কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশন সেই সীমানা বহাল রেখে কিছু ছোটখাটো পরিবর্তন করেছিল। তবে, নতুন কমিশন গঠনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ২০০৮ সালের আগের সীমানা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন এখন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।