বিশ্বজুড়ে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন, যাদের অবদান বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে অপরিসীম। তবে তাদের জীবনযাত্রার মান ও মর্যাদা এখনও আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে দূরদেশে কঠোর পরিশ্রম করলেও তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
বৃহস্পতিবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ড. বেলাল হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়ে, তখন প্রবাসীরাই তাদের রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছেন। এমনকি সরকারবিরোধী আন্দোলনেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে অবশ্যই এক কোটি প্রবাসীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”
তিনি প্রবাসীদের মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, “পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে দূতাবাস সংশ্লিষ্ট কাজে দীর্ঘসূত্রিতা, উচ্চ প্রশাসনিক ফি, ভিসা সংক্রান্ত জটিলতা, মৃত্যু পরবর্তী লাশ বহনের খরচ, ক্ষতিপূরণ প্রাপ্তিতে বাধা এবং দূতাবাসের কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ প্রবাসীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এছাড়া, ভুয়া কোম্পানির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অনেকে বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন।”
এসব সমস্যা সমাধানে ব্যারিস্টার ফুয়াদ বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. দূতাবাসগুলোতে আইনি সহায়তা প্রদানের জন্য লিগ্যাল অফিসার নিয়োগ করা।
২. রেমিট্যান্স প্রক্রিয়া সহজ করতে বিদেশি মিশনে বিশেষ অফিসার নিয়োগ করা।
৩. কারাগারে আটক প্রবাসীদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করা।
৪. প্রবাসী ঋণ প্রক্রিয়া সহজীকরণ এবং সুদের হার কমানো।
৫. জনশক্তি রপ্তানি সিন্ডিকেট বিলুপ্ত করে নিয়োগকারী দেশের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করা।
৬. প্রবাসে মৃত্যু হলে লাশ বিনা খরচে দেশে আনা এবং পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬ লক্ষ টাকা প্রদান করা।
৭. প্রবাসীদের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা।
৮. প্রবাসীদের ভোটার আইডি কার্ড প্রদানে সকল প্রকার জটিলতা দূর করা।
মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক আমজাদ খান, গাজী নাসির, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, গাজীপুর মহানগর যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল হুমায়ুন কবির, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, শেখ ইকবাল হোসাইন, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, মশিউর রহমান মিলু, সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, হাতিরঝিল থানা আহ্বায়ক রিয়াজুদ্দিন খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন