‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এই ম্যাচের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রদ্যুৎ কুমার দাস, দর্শন বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার, ইতিহাস বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা এবং ক্রীড়া সংগঠক সাইফুর রহমান রাজ্জাক মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবদুল কাদের বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।”

ম্যাচে মুখোমুখি হয় আব্দুর রউফ ক্রীড়াচক্র ও ডিসিসি ধানুকা। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় ডিসিসি ধানুকা। দর্শকদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুরো ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংগঠকরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন নিয়মিত করা হলে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং মাদক থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে।