২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের পেছনে সরাসরি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ ছিল বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটির সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, আন্দোলন দমনে পুলিশকে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল উচ্চপর্যায় থেকে।
এইচআরডব্লিউ’র ৫০ পৃষ্ঠার প্রতিবেদনটি ২৮ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন যে আন্দোলনকালে তাদের অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকে এসেছে।
এক পুলিশ কর্মকর্তা এইচআরডব্লিউকে জানান, “আমাদের বলা হয়েছিল, এমনকি আশপাশের বাড়িতে যারা আন্দোলন পর্যবেক্ষণ করছিল, তাদের দিকেও গুলি চালাতে। উদ্দেশ্য ছিল আতঙ্ক ছড়ানো এবং মানুষকে ভীত করে রাখা।”
অন্য একজন কর্মকর্তা বলেছেন, “সিনিয়র কর্মকর্তারা আমাদের বারবার নির্দেশ দিয়েছিলেন, যারা ‘অরাজকতা’ সৃষ্টি করছে, তাদের কাউকে ছাড় না দেওয়ার জন্য। তারা সরাসরি ‘গুলি চালাও’ না বললেও বার্তাটি স্পষ্ট ছিল—সর্বোচ্চ বলপ্রয়োগ করো।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা সরাসরি সিসিটিভি ফুটেজ দেখে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ পদক্ষেপ নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগস্টে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, “গুলি করি, মরে একটা। আহত হয় একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এইডা হইল স্যার সবচেয়ে বড় আতঙ্কের।”
ছাত্র আন্দোলনকারীদের অপহরণ ও নির্যাতন
২৬ জুলাই, ছয়জন ছাত্র আন্দোলনকারীকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সাদা পোশাকের পুলিশ অপহরণ করে। তাদের এক সপ্তাহ ধরে গোপন স্থানে আটক রাখা হয় এবং একটি ভিডিও বিবৃতি দিতে বাধ্য করা হয়, যেখানে তারা আন্দোলন বন্ধের ঘোষণা দেন। ১ আগস্ট তাদের মুক্তি দেওয়া হয়।
আন্দোলন-পরবর্তী সহিংসতা
৫ আগস্টের পর পুলিশের হাতে বেশ কিছু সহিংস ঘটনার জন্ম নেয়। আশুলিয়ায় পুলিশ বিক্ষোভে হতাহতদের বহনকারী গাড়িতে আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হাতকড়া পরা অবস্থায় অন্তত একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
৫৫ বছর বয়সী রাজিয়া বেগম বলেন, “আমার জীবনে আমি প্রথমবার নিরপরাধ মানুষকে এভাবে জীবন্ত পুড়িয়ে মারতে দেখলাম। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলে পুলিশ তাদের দিকেও গুলি চালায়। রাস্তা রক্তে ভেসে যাচ্ছিল।”
এইচআরডব্লিউ’র প্রতিবেদনটি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ভূমিকা ও রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আন্দোলন দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।



মন্তব্য করুন