কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনায় জড়িত সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মো. তৌহিদুল ইসলামকে আটক করা হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ উল্লেখ করে আইএসপিআর জানায়, ইতোমধ্যে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তৌহিদুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রবিবার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি ফিরেছিলেন। তার বাবার কুলখানির দিনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। তৌহিদুল ইসলাম পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন এবং সংসারে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
এদিকে, যুবদল নেতার মৃত্যু নিয়ে বিএনপি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে পৃথক পোস্টে বিচার দাবি করেছেন। তাদের দাবি, এই ঘটনায় জড়িত সেনা সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
এই ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তদন্ত কমিটির প্রতিবেদন এবং ভবিষ্যৎ পদক্ষেপ এখন সবার নজরে।



মন্তব্য করুন