গৃহবধু পাপিয়া (২২) হত্যার বিচারের দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাপিয়ার পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুর সারে ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাপিয়া হত্যার বিচার প্রার্থীরা। দুপুর ১টায় জেলা প্রশাসক চত্বরে সহ¯্রাধিক লোকের সমাবেশ ঘটিয়ে মানববন্ধন করে তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে মানববন্ধনকারীরা। গোসাইরহাট উপজেলার জুশিরগাঁও স্পোটিং ক্লাব ও সমাজ সেবা সংঘ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে পাপিয়ার হত্যাকারীদের বিচার ও ফাঁসি দাবী করা হয়।
মানববন্ধন থেকে নিহত পাপিয়ার মা মনিমালা রাণী, বাবা ভবতোষ গনাইত ও বোন লিপিকা দাবী করেন, পাপিয়ার স্বামী লিটন চৌকিদার দুবাই প্রবাসে থাকে। প্রবাসী লিটনের হুকুমে তার মা ও বোন নির্যাতন করে পাপিয়াকে হত্যা করেছে। বিবাহের ৩ বছরে একদিনও পাপিয়াকে শান্তি দেয়নি স্বামীর পরিবার। মানববন্ধন থেকে তারা পাপিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট সকাল ৮টার সময় পাপিয়ার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে শ্বশুড়বাড়ির লোকজন। পাপিয়ার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় তারা। গোসাইরহাট উপজেলার চর জুশিরগাও গ্রামের ভবতোষ গনাইতের মেয়ে পাপিয়া। তিন বছর পূর্বে ডামুড্যা উপজেলার চর মালগাও গ্রামের মৃত শুকচান চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী লিটন চৌকিদারের সাথে পাপিয়ার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন পাপিয়াকে এক মুহুর্ত শান্তিতে সংসার করতে দেয়নি। পাপিয়াকে তারা নির্যাতন করে মেরে ফেলেছে। হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক বিচার চায় পাপিয়ার পরিবার।



মন্তব্য করুন