শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালী ইউনিয়নে নিবন্ধিত ২ শতাধিক জেলের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। প্রতি জেলেকে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ দেওয়া হয় ।

বৃহস্পতিবার ৬ মার্চ সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডি এম খালী ইউপির প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন ঢালী।

সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে মাছ না ধরার আহবান জানিয়ে চাউল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ইউপির প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন ঢালী বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

চাল বিতরণকালে ট্যাগ অফিসার (সমবায় কর্মকর্তা) মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।