শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বছরের এক শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে র‍্যাব-৮ এর একটি মিনিবাস ও ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—শিশু পিয়াম (২), র‍্যাবের মিনিবাস চালক এএসআই আবদুল আলীম (৩৩) এবং আফরোজা (৩৫) নামের এক নারী। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাবের গাড়িটি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছলে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।”

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া জানান, “দুর্ঘটনার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন আহত অবস্থায় এসেছেন। গুরুতরদের বরিশাল সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০–৩৫ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।