ঢাকা সেনানিবাসে শনিবার (১১ অক্টোবর) বিকেলে এক ব্রিফিংয়ে সেনা সদর জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ইতোমধ্যে হেফাজতে নেয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) রয়েছেন।

ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, মোট ১৬ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে ১৫ জনকে হেফাজতে আনা হয়েছে, তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ আত্মগোপনে রয়েছেন। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য নজরদারি জোরদার করা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবীর আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “সেনাবাহিনীর কাছে কোনো গুম সংক্রান্ত ওয়ারেন্টের কপি আসেনি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ২২ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ রয়েছে। এ বিষয়ে আইনি ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

তিনি আরও জানান, গুমের শিকার পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল এবং বিচার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ৮ অক্টোবর এ নির্দেশ দেয়া হয়, যা অনুযায়ী আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার করে ২২ অক্টোবর আদালতে হাজির করতে হবে।