ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে শনিবার (১১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ আর্মি ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি বলেন, “যে বিচারই হোক, আমরা তার পক্ষেই থাকব। ইনসাফের সঙ্গে কোনো আপস নেই।”

তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর কাছে কখনো কোনো সহযোগিতা চাওয়া হলে তা অস্বীকার করা হয়নি। “কেউ বলতে পারবে না আমাদের কাছে কোনো ডকুমেন্ট বা সহযোগিতা চেয়েছে, আর আমরা তা দিইনি,” বলেন তিনি।

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, গুম কমিশনের সঙ্গে সেনাবাহিনীর একাধিক বৈঠক হয়েছে, যেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের সঙ্গেও বৈঠক হয়েছে। তিনি বলেন, “আমরা কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি এবং এখনো করছি। গত বৃহস্পতিবারও কিছু নথি পাঠানো হয়েছে।”

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। সব অপরাধের বিচারের পক্ষে সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে।”