রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শুক্রবার (১৭ অক্টোবর) ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

জিএস পদে জয় পেয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার, যিনি পেয়েছেন ১১ হাজার ৩৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৮৮৩ ভোট।

বাকি দুটি পদে ভিন্ন ফল এসেছে—ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত নার্গিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের তোফায়েল আহমেদ তোহা।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, সাংস্কৃতিক, মহিলা, তথ্য ও গবেষণা, মিডিয়া ও প্রকাশনা, বিতর্ক ও সাহিত্য, পরিবেশ ও সমাজসেবা, সহসম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ অধিকাংশ পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।

সিনেট ছাত্র প্রতিনিধি পদেও নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, সালমান সাব্বির এবং স্বতন্ত্র প্যানেলের আকিল বিন তালেব।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, সকাল সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম ফলাফল ঘোষণা শুরু করেন। নির্বাচনের পরিবেশ ছিল উৎসবমুখর, এবং শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর গণতান্ত্রিক চর্চার পুনর্জাগরণ দেখছেন বলে মন্তব্য করেছেন।