জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্তত একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই সনদকে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ঘরানার চারটি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেওয়ায় রাজনৈতিক ঐক্য ঘিরে সংশয় তৈরি হয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়ায় তারা স্বাক্ষর থেকে বিরত থেকেছে, যদিও ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
অনুষ্ঠান শুরুর আগে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় সংসদ ভবন এলাকায়। ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে কয়েকশ আন্দোলনকারী মঞ্চের সামনে অবস্থান নেন। তারা সনদ সংশোধন, সংবিধানে অন্তর্ভুক্তি এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেন।
দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পাশাপাশি গাড়ি ভাঙচুর ও তোরণে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।
বিকেল সোয়া ৪টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৫টা ৫ মিনিটে শুরু হয় সনদে স্বাক্ষর পর্ব। রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন, পরে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনূস ও ঐকমত্য কমিশনের সদস্যরা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে সনদে সই করেছি। তবে বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।” তিনি এনসিপির অনুপস্থিতিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেন।
বিক্ষোভের মুখে ঐকমত্য কমিশন অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধনের ঘোষণা দেয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “সংশোধিত দফা সরকারকে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হবে।”
সংশোধিত দফায় বলা হয়েছে, “আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী বাহিনীর হাতে নিহতদের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের পুনর্বাসন, মাসিক ভাতা, আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।”
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা দাবি পূরণে আলোচনা চালিয়ে যাব। দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করবো, না হলে জনগণকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবো।”



মন্তব্য করুন