রামগঞ্জ, লক্ষ্মীপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার বিকেলে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে এনসিপি আয়োজিত উঠান বৈঠকে এই সম্ভাবনার কথা জানান তার বড় ভাই ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

তিনি বলেন, “বিগত ১৭ বছরে রামগঞ্জে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। অবকাঠামো ভেঙে পড়েছে, বাক্‌স্বাধীনতা ছিল না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে।”

মাহবুব আলম আরও বলেন, “ইছাপুর ইউনিয়নের গর্ব—এই মাটি থেকেই আমরা একজন উপদেষ্টা পেয়েছি। মাহফুজ আলমের নেতৃত্বে রামগঞ্জে উন্নয়ন এগিয়ে চলেছে। তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে আগামী নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হতে পারেন।”

তিনি ৫ আগস্টের পরিবর্তনকে “পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর” হিসেবে উল্লেখ করে বলেন, “প্রতিহিংসার রাজনীতি আর চলবে না। ক্ষমতায় থাকলেই বিরোধীদের ওপর নির্যাতনের দিন শেষ। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এনসিপির পতাকাতলে সবাইকে যুক্ত হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ। সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু। বক্তব্য রাখেন এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন।